নির্বাচনমুখী বাংলায় প্রশাসনিক রদবদল, ১২৪ জন বিডিও ও জেলাশাসক স্তরে বড় বদলি

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটালো নবান্ন। গত ৬ মার্চ জারি করা এক নির্দেশিকায় পাহাড় ও সমতলের মোট ১২৪ জন বিডিও-কে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একে ‘রুটিন বদলি’ হিসেবে অভিহিত করা হলেও, ভোট ঘোষণার আগে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিডিও পর্যায়ের পাশাপাশি জেলাশাসক স্তরেও একাধিক রদবদল করা হয়েছে। উত্তর ২৪ পরগনার ডিএম শশাঙ্ক শেঠিকে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের এডিজি এবং আলিপুরদুয়ারের জেলাশাসক আর ভিমলাকে ডব্লুবিএসআইডিসি-র ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। এছাড়াও ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের ডিরেক্টর বিভু গোয়েলকে স্কুল শিক্ষা দপ্তরের সর্ব শিক্ষা মিশনের রাজ্য প্রোজেক্ট ডিরেক্টর পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যারা একই পদে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত, তাদের বদলি করা বাধ্যতামূলক। এই নিয়ম মেনেই বিডিও, মহকুমা শাসক এবং জেলাশাসক পদমর্যাদার অফিসারদের পাশাপাশি পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদেরও বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্বাচনী আচরণবিধি পালনে এই রদবদল কার্যকর করা হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।