হাদি হত্যাকাণ্ডে বড় সাফল্য: বনগাঁ থেকে এসটিএফের জালে ২ বাংলাদেশি খুনি

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি হত্যাকাণ্ডের তিন মাস পর মূল অভিযুক্তদের গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতরা হলো পটুয়াখালির বাসিন্দা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং ঢাকার আলমগির হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত ডিসেম্বরে ঢাকার পুরাতন কালভার্ট রোডে নামাজ পড়ে ফেরার সময় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদিকে। এই ঘটনার পর অভিযুক্তরা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বনগাঁয় আত্মগোপন করে ছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
হাদি খুনের কিনারা রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ধৃতদের রবিবারই আদালতে পেশ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের আবহে এই গ্রেপ্তারি আন্তর্জাতিক স্তরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।