ভোটার তালিকা ইস্যুতে সোমবার কমিশনের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ও তৃণমূল প্রতিনিধি দল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন ডিজি রাজীব কুমার। তৃণমূলের রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এটিই রাজীব কুমারের প্রথম বড় অ্যাসাইনমেন্ট। রবিবার রাতেই তিন দিনের সফরে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার ও দুই কমিশনার।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে লজিকাল ডিসক্রিপেন্সির নামে প্রায় ৬০ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে গত শুক্রবার থেকেই ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে ভোটারদের নাম বাতিলের বিষয়ে কমিশনের কাছে সরাসরি জবাবদিহি চাওয়া হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার সকালে কালীঘাটে পুজো দিয়ে জ্ঞানেশ কুমার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবেন। তৃণমূল যখন ভোটার বাতিলের সাংবিধানিক বৈধতা নিয়ে সরব, তখন বিরোধী দল বিজেপি ‘ফর্ম ৭’ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে। সব মিলিয়ে ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী দু’দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের।