মধ্যপ্রদেশে ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ, অভিযুক্তদের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক ৯০ বছরের বৃদ্ধাকে চার যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে বৃদ্ধা যখন তাঁর বাড়িতে একাই ছিলেন, তখন চারজন মুখোশধারী দুষ্কৃতী জোরপূর্বক ঘরে ঢুকে এই নৃশংসকাণ্ড ঘটায়। পরদিন সকালে নির্যাতিতা তাঁর মেয়েকে ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্তে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) ছাড়াও আরও তিনটি পৃথক দল গঠন করা হয়েছে। এছাড়া, অভিযুক্তদের সম্পর্কে তথ্য প্রদানকারীর জন্য প্রশাসন ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত দুষ্কৃতীদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে।
এই বর্বরোচিত ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তজনা সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্যাতিতা বৃদ্ধার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে সবরকম আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।