বিজেপিকে ৫০-এর নিচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের, মথুরাপুরের সভায় হুঙ্কার তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বঙ্গের রাজনীতি। রবিবার মথুরাপুরের এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ‘পরিবর্তন যাত্রা’র পাল্টা হিসেবে আয়োজিত এই সভায় ভিড় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গত ২ মার্চ রায়দিঘির যে মাঠ থেকে বিজেপি পরিবর্তনের ডাক দিয়েছিল, এদিন সেই মাঠ থেকেই গেরুয়া শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিনের সভা থেকে অভিষেক দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নামিয়ে আনবে তৃণমূল কংগ্রেস। জনসমাগমের দিকে আঙুল দেখিয়ে তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতি কেবল একটি ‘ট্রেলার’, আসল ‘সিনেমা’ দেখা যাবে মে মাসে নির্বাচনের ফলপ্রকাশের পর। বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তিনি জানান, জনসমর্থনহীন এই কর্মসূচি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বাংলার মানুষ বহিরাগত শক্তির আস্ফালনকে প্রত্যাখ্যান করেছে।
বক্তব্য শেষে বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার স্বার্থবিরোধী আচরণের অভিযোগ তোলেন অভিষেক। তিনি জানান, রাজনৈতিকভাবে লড়তে না পেরে কেন্দ্রীয় সংস্থা ও বিবিধ উপায়ে বাংলাকে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে দিল্লি। তবে নারীশক্তি ও সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গে রয়েছে বলে তিনি দাবি করেন। বিজেপিকে লক্ষ্য করে তাঁর হুঁশিয়ারি, জনস্বার্থে তৃণমূল কংগ্রেস সর্বদা রাজপথে থাকবে এবং গতবারের ৭৭টি আসনের থেকেও অনেক কম আসনে বিজেপিকে আটকে দেবে শাসক দল।