রাষ্ট্রপতির বাংলা সফর: কেন্দ্রের কড়া চিঠির প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিল নবান্ন

শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে নড়েচড়ে বসল দিল্লি। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখে রাষ্ট্রপতির সফরকালীন প্রশাসনিক পদক্ষেপের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেন। উত্তর দেওয়ার জন্য বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই নর্থ ব্লকে বিস্তারিত তথ্য-সহ রিপোর্ট পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার।
ঘটনার সূত্রপাত শনিবার, যখন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে রাষ্ট্রপতি আসন খালি থাকা এবং অনুষ্ঠানে বাধার অভিযোগ তোলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন। এর পরেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন এবং রাষ্ট্রপতির প্রতি আসাম্মানের অভিযোগ আনেন। পাল্টা জবাবে কলকাতার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে শ্রদ্ধার কথা জানিয়েও ভোটের রাজনীতির অভিযোগ তোলেন।
এই রাজনৈতিক টানাপড়েনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি কেন সভা করতে পারেননি এবং প্রশাসনের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। যদিও মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে ঠিক কী ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা এখনও জনসমক্ষে আসেনি। এখন দেখার, রাজ্যের এই রিপোর্ট হাতে পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ গ্রহণ করে।