ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা আরো জোরদারের ঘোষণা ইরানের

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা আরো জোরদার করবে। 

রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি’র বরাতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের স্বার্থের বিরুদ্ধে বাড়তি আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্ত থেকেই শুরু হওয়া এই অভিযান জোরদারের অংশ হিসেবে ভারী ওয়ারহেডযুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং ড্রোন অভিযানের সংখ্যাও বৃদ্ধি পাবে।

ওই সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের দেশের স্বার্থ ও নাগরিকদের হুমকির মুখে ফেলতে পারে এমন যে কোনো সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।”

এই ঘোষণাটি এমন সময় এসেছে যখন সাম্প্রতিক সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়ে ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন দাবি করছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ১,২০০’র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর আগে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের সেইসব দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *