ইরান ইস্যুতে সংসদে সর্বদলীয় প্রস্তাবের দাবিতে অনড় কংগ্রেস; নীরব কেন্দ্র

ইরান ইস্যুতে সংসদে সর্বদলীয় প্রস্তাবের দাবিতে অনড় কংগ্রেস; নীরব কেন্দ্র

আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার সংসদের দুই কক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দেওয়ার কথা থাকলেও, তাতে সন্তুষ্ট নয় প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, কেবল মন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতিতে কাজ হবে না; বরং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের বিদেশ নীতি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা প্রয়োজন। কংগ্রেসের মতে, বিদেশমন্ত্রীর বক্তব্যে গতানুগতিক তথ্যের বাইরে নতুন কিছু থাকার সম্ভাবনা ক্ষীণ।

সম্প্রতি ইরানি নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির মৃত্যু এবং সেখানে আমেরিকা-ইজরায়েলি হামলার ঘটনায় মোদী সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে উপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, খামেইনির মৃত্যুতে সরকারের কোনো মন্ত্রী সরাসরি শোকপ্রকাশ না করলেও, বিদেশ সচিব বিক্রম মিস্রি তেহরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

কংগ্রেসের দাবি, ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলের মতোই বর্তমান সংকটেও সংসদে আলোচনার মাধ্যমে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক। ইরাক যুদ্ধের সময় তৎকালীন সরকার যেভাবে সর্বদলীয় আলোচনার পথ প্রশস্ত করেছিল, বর্তমান সরকারকেও সেই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে হাত শিবির। তবে বিরোধীদের এই দাবি বা প্রস্তাব নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *