সুপ্রিমের তিরস্কারও থামাতে পারল না! ভোটের আগে নতুন রাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘোষণা কেন?

পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে এবার পাঞ্জাবেও মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করল আম আদমি পার্টি সরকার। বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই জনমুখী প্রকল্পের কথা জানান। এর ফলে রাজ্যের ১৮ বছর ঊর্ধ্ব প্রায় ৯৭ শতাংশ মহিলা সরাসরি সরকারি সুবিধা পাবেন।
নতুন এই প্রকল্পের আওতায় পাঞ্জাবের সাধারণ মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতিভুক্ত মহিলারা ১,৫০০ টাকা করে পাবেন। তবে সরকারি কর্মচারী, প্রাক্তন বিধায়ক-সাংসদ এবং আয়করদাতারা এই সুবিধার বাইরে থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, যাঁরা বর্তমানে বার্ধক্য বা বিধবা ভাতা পাচ্ছেন, তাঁরাও এই নতুন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের এই ধরনের ‘খয়রাতি সংস্কৃতি’ বা ঢালাও ভাতা প্রদানের তীব্র সমালোচনা করেছিল। শীর্ষ আদালতের সেই তিরস্কারকে কার্যত গুরুত্ব না দিয়েই নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হলো পাঞ্জাব সরকার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এই মডেল এখন বিজেপি শাসিত রাজ্যগুলির পর বিরোধী দল শাসিত পাঞ্জাবেও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠল।