মাঝ আকাশে বিমানে বিড়ি খেয়ে বিপাকে যাত্রী, গোয়া বিমানবন্দরে গ্রেফতার দিল্লির বাসিন্দা

দিল্লি থেকে গোয়াগামী আকাশা এয়ারের (QP1625) একটি ফ্লাইটে বিড়ি খেয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন আশিস দাস নামে এক যাত্রী। শনিবার মাঝ আকাশে বিমানের শৌচাগারের ভেতরে ধূমপানের সময় ক্রু সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। নিরাপত্তাজনিত কড়াকড়ি থাকা সত্ত্বেও ওই যাত্রী বিড়ি ও লাইটার নিয়ে বিমানে উঠেছিলেন বলে জানা গেছে।
বিমানের ভেতর ধূমপানের ফলে যাত্রী ও বিমানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়ার মোপা বিমানবন্দর থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি FIR দায়ের করা হয়েছে। বিমান সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে লাইটার বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আকাশা এয়ার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, নিরাপত্তার প্রোটোকল বজায় রাখতে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিমানের শৌচাগারে ধূমপানের অভিযোগে যাত্রীদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।