বিশ্বজয়ী ভারতের পকেটে ২৭ কোটি, পাকিস্তান পেল মাত্র সাড়ে তিন কোটি টাকা

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে আইসিসির থেকে মোটা অঙ্কের পুরস্কারমূল্য ঘরে তুলল সূর্যকুমার যাদবের ভারত। এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট ১২০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছিল, যার মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা। অন্যদিকে, রানার্স-আপ নিউজিল্যান্ডের ঝুলিতে গিয়েছে ১৪ কোটি ৬৫ লক্ষ টাকা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি পর্যায়ে বিদায় নেওয়া দলগুলোর জন্যও নির্দিষ্ট অর্থ বরাদ্দ ছিল। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড প্রত্যেকে পেয়েছে ৭ কোটি ২৪ লক্ষ টাকা। তবে সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ায় পাকিস্তানের প্রাপ্তি হয়েছে মাত্র ৩ কোটি ৫০ লক্ষ টাকা। এমনকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও ২ কোটি ৩০ লক্ষ টাকা করে পেয়েছে।
আইসিসির এই পুরস্কারের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আলাদা কোনো বোনাস ঘোষণা করবে কি না, তা নিয়ে ক্রীড়ামহলে জল্পনা চলছে। সাধারণত বড় জয়ের পর বোর্ড বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে থাকে। আপাতত আইসিসির দেওয়া এই বিপুল অর্থ নিয়ে উৎসবে মেতেছে বিশ্বজয়ী ভারতীয় শিবির।