বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ধোনি-রোহিতের এলিট তালিকায় সূর্যকুমার

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৬ টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৫/৫ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। জবাবে ১৯ ওভারে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউয়ি বাহিনী। মহেন্দ্র সিং ধোনি (২০০৭) এবং রোহিত শর্মার (২০২৪) পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের ঐতিহাসিক কীর্তি গড়লেন সূর্যকুমার যাদব।
এই জয়ের মাধ্যমে সূর্যকুমার যাদব বিশ্ব ক্রিকেটে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিত শর্মার পর তিনি দ্বিতীয় ক্রিকেটার, যিনি খেলোয়াড় এবং অধিনায়ক—উভয় ভূমিকাতেই টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন। ২০২৪ সালে তিনি বিজয়ী দলের সদস্য ছিলেন এবং এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। পুরুষদের টি২০ বিশ্বকাপজয়ী নবম অধিনায়ক হিসেবেও নথিবদ্ধ হলো তার নাম।
ম্যাচ শেষে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও যসপ্রীত বুমরাহসহ দলের একাধিক সতীর্থ রোহিত ও সূর্যের সাথে ভারতের হয়ে দুটি টি২০ বিশ্বকাপ জেতার এলিট তালিকায় নাম তুললেন। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান টুর্নামেন্ট জুড়ে শিবম দুবের ধারাবাহিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য, ড্যারেন স্যামি বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি দুটি টি২০ বিশ্বকাপ ট্রফি জিতেছেন।