রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি: উত্তর থেকে দক্ষিণ আজ ভিজতে পারে সব জেলা

সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে শহরজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের ঝিরঝিরে বৃষ্টির আমেজ বজায় রেখে আজ বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টির ফলে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ দুই দিনাজপুর ও মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সমতল থেকে পাহাড়, সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির কবলে পড়তে চলেছে সমগ্র রাজ্য।