ভোটার তালিকা সংশোধন ও প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার রাতে কলকাতায় পৌঁছে রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী প্রস্তুতির কাজ খতিয়ে দেখা শুরু করেছে। সোমবার সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজার্ভারের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে ‘বিবেচনাধীন’ বা অ্যাডজুডিকেটেড ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন কতগুলি অভিযোগের নিষ্পত্তি করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি।
রাজ্যের ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি জটিলতা কাটিয়ে কত দ্রুত তালিকা প্রকাশ করা সম্ভব, তা নিয়ে কমিশনের ফুল বেঞ্চ গুরুত্ব সহকারে আলোচনা করছে। সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়েও পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কমিশনের।
মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুতি এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফরের সমাপ্তি ঘটবে। এবারই প্রথম বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং এই কাজে তারা রাজ্য প্রশাসনের সবরকম সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়েছে।