বিষধর গোখরো হাতে নিয়ে হাসপাতালে যুবক, বনগাঁয় তীব্র চাঞ্চল্য

বিষধর গোখরো হাতে নিয়ে হাসপাতালে যুবক, বনগাঁয় তীব্র চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দেবগড় মাঠপাড়া এলাকায় সাপের কামড় খেয়ে সেই সাপসহ হাসপাতালে হাজির হয়ে শোরগোল ফেলে দিলেন এক যুবক। আক্রান্ত যুবকের নাম তাপস বৈরাগী। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মুরগির খাঁচার জালে আটকে পড়া একটি সাপকে উদ্ধার করে বস্তাবন্দি করার সময় সেটি তাঁকে কামড় দেয়। কোনো ঝুঁকি না নিয়ে তিনি তৎক্ষণাৎ বস্তাবন্দি সাপটি নিয়েই বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছান।

যুবকের হাতে বিষধর সাপ দেখে হাসপাতাল চত্বরে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনগাঁর পরিচিত সাপ উদ্ধারকারী বাপ্পা সাহা দ্রুত হাসপাতালে এসে সাপটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। পরে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধার হওয়া সাপটি একটি অত্যন্ত বিষধর গোখরো। চিকিৎসকরা দ্রুত তাপস বৈরাগীর চিকিৎসা শুরু করেন এবং বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঝাড়ফুঁক বা কুসংস্কারের পথে না হেঁটে সরাসরি হাসপাতালে আসায় চিকিৎসকমহল ও স্থানীয় বাসিন্দারা তাপস ও তাঁর পরিবারকে সাধুবাদ জানিয়েছেন। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে সাপসহ হাসপাতালে আসায় বিষ শনাক্তকরণ ও চিকিৎসা প্রক্রিয়া সহজ হয়েছে। প্রত্যন্ত এলাকায় সাপে কাটার ঘটনায় এমন সচেতনতা প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *