রেকর্ড পতন রুপির মূল্যে: ডলারের বিপরীতে সর্বনিম্ন স্তরে ভারতীয় মুদ্রা, ধস শেয়ার বাজারে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও বিশ্ববাজারে অস্থিরতার জেরে রেকর্ড পতন ঘটল ভারতীয় মুদ্রার। সোমবার বাজার খোলার পরেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য নেমে দাঁড়িয়েছে ৯২.৩৩ টাকায়, যা দেশের অর্থনীতিতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৭ ডলারে পৌঁছানোই এই পরিস্থিতির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তেলের দাম বাড়ায় আমদানির খরচ বৃদ্ধি পাওয়ায় বাজারে ডলারের চাহিদা তুঙ্গে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি সংস্থাগুলোর ওপর। এদিন আইওসি (IOC) এবং এইচপিসিএল (HPCL)-এর মতো প্রধান তেল সংস্থাগুলির শেয়ারে বড়সড় ধস নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
মুদ্রার মূল্যের পাশাপাশি ধস নেমেছে শেয়ার বাজারেও। সোমবার সেনসেক্স প্রায় ২৩০০ পয়েন্ট পড়ে ৭৬,৬০৮-এ নেমে আসে, যা গত ৯ মাসের মধ্যে বৃহত্তম পতন। নিফটিও ২.৯ শতাংশ হ্রাস পেয়ে ২৩,৭৪৩ পয়েন্টের নীচে অবস্থান করছে। গত ৪ মার্চ রুপির দাম যেখানে ৯২.১৭ টাকা ছিল, আজ তা প্রায় ০.৬ শতাংশ হ্রাস পাওয়ায় বাজারের ভবিষ্যৎ নিয়ে লগ্নিকারীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।