মধ্যপ্রাচ্য সংকটে ভারতের শান্তিবার্তা, আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সোমবার রাজ্যসভায় এক বিবৃতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, ইরান ও ইজরায়েলের মধ্যকার উত্তেজনা প্রশমনে আলোচনা ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বিদেশমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং গত ১ মার্চ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তেহরানে ভারতীয় দূতাবাস সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং সেখানে থাকা পড়ুয়া ও নাগরিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।
উত্তেজনা কমাতে ভারত সব পক্ষকেই সংলাপে বসার অনুরোধ জানিয়েছে। জয়শংকরের মতে, সংঘাতের বিস্তার রোধ করতে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক পথে হাঁটা জরুরি। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতি ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই স্থিতিশীলতা ফেরাতে ভারত আন্তর্জাতিক স্তরে সমন্বয় বজায় রেখে কাজ করে যাচ্ছে।