ভোটের রণকৌশল নির্ধারণে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, এক দফায় নির্বাচনের দাবি বিজেপি ও বামেদের

রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসল স্বীকৃত রাজনৈতিক দলগুলি। সোমবারের এই বৈঠকে বিজেপি ও সিপিএম প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একাধিক দাবি পেশ করেন। উভয় দলই ৭-৮ দফার পরিবর্তে মাত্র এক বা দুই দফায় ভোট করানোর জোরালো আবেদন জানিয়েছে।
বিজেপির প্রতিনিধি দল ১৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ব্যবহারে রাজ্য পুলিশের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ‘পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর প্রভাব রুখতে নির্বাচনের সময় তাদের অফিস বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া, স্পর্শকাতর বুথগুলি আগেভাগে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।
অন্যদিকে, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া বা ‘এসআইআর’ ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ সেলিম। সিপিএমের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেসের তরফেও দফা নির্বিশেষে সাধারণ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।