ভোটের নতুন আইন পাস না হলে অন্য কোনো বিলে স্বাক্ষর করবেন না! স্পষ্ট বার্তা ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটার সংক্রান্ত সেভ আমেরিকা আইন পাসের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান যে কংগ্রেস এই বিলটি অনুমোদন না করা পর্যন্ত তিনি অন্য কোনো সরকারি বিলে সই করবেন না। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলেও বর্তমানে এটি সিনেটে বাধার মুখে রয়েছে। ট্রাম্পের মতে এই আইনটি দেশের সিংহভাগ মানুষের সমর্থনপুষ্ট এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি অবিলম্বে কার্যকর করা প্রয়োজন।
প্রস্তাবিত এই আইনে নির্বাচনে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সময় নাগরিকত্বের প্রমাণ হিসেবে পাসপোর্ট বা জন্ম সনদের মতো নথি দেখানো বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। রিপাবলিকান সমর্থকরা একে স্বচ্ছ নির্বাচনের হাতিয়ার বললেও ডেমোক্র্যাট ও সমালোচকদের মতে এটি সংখ্যালঘু এবং নতুন নাগরিকদের ভোটাধিকার হরণ করতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিলটি ঘিরে মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং বিশ্লেষকদের মতে এর ফলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।