তীব্র গরমের আগেই দক্ষিণ কলকাতার জলকষ্ট দূর করতে বড় পদক্ষেপ পুরসভার
March 9, 20265:52 pm

গরমের দাবদাহ শুরু হওয়ার আগেই দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাস সংলগ্ন এলাকার পানীয় জলের সংকট মেটাতে তৎপর কলকাতা পুরসভা। ঢালাই ব্রিজের কাছে ১০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ফারতাবাদ জল শোধনাগারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাইপলাইন পাতার কাজ শেষ পর্যায়ে থাকায় কর্তৃপক্ষ আশা করছে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্প থেকে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে জল সরবরাহ করা সম্ভব হবে।
বর্তমান চাহিদার তুলনায় গার্ডেনরিচ, পলতা ও ধাপাসহ বিভিন্ন শোধনাগার থেকে প্রতিদিন ৫১৫ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয়। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফারতাবাদ ও ধাপার কাজ শেষ হলে দক্ষিণ কলকাতার দীর্ঘদিনের জলকষ্ট মিটবে। এছাড়া গার্ডেনরিচ ময়লা ডিপোতে নতুন ৪০ এমজি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর শহরে জলের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করবে।