বাংলায় এক বা দু’দফায় ভোটের দাবি বিজেপির, নির্বাচন কমিশনের কাছে পেশ ১৮ দফা প্রস্তাব

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন এক বা দুই দফায় সম্পন্ন করার দাবিতে সরব হলো বিজেপি। সোমবার রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস রায় ও শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই প্রস্তাব জমা দেন। বিজেপির মতে, অতীতে বেশি দফায় ভোট করে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হয়নি, তাই এসআইআর-এর উপস্থিতিতে কম সময়ে ভোট করানোই শ্রেয়। তাপস রায় স্পষ্টভাবে জানান, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে দুষ্কৃতী ও পক্ষপাতদুষ্ট পুলিশি হস্তক্ষেপ বন্ধ করা জরুরি।
কমিশনের কাছে পেশ করা ১৮ দফা দাবিপত্রে বিজেপি মূলত ভোট প্রক্রিয়ায় রাজ্য পুলিশের ভূমিকা হ্রাসের ওপর জোর দিয়েছে। তাদের দাবি, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে যে আধিকারিকদের কমিশন বদলি করেছিল, তাঁদের নির্বাচনী কাজ থেকে দূরে রাখতে হবে। এছাড়া, যেসব বুথে আগে হিংসা হয়েছে বা ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছে, সেগুলোকে ‘সংবেদনশীল’ ঘোষণার দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে (CAPF) আগেভাগে মোতায়েন এবং তাদের স্থানীয় পুলিশের ওপর নির্ভরশীলতা কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা ও গণনার ক্ষেত্রেও একাধিক সংস্কার চেয়েছে বিজেপি। দাবি জানানো হয়েছে যে, পোলিং অফিসারদের অর্ধেক হতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কোনো চুক্তিভিত্তিক কর্মীকে রাখা চলবে না। প্রতিটি বুথে ওয়েবক্যাম বাধ্যতামূলক করা, ভোটারদের পরিচয় দুই স্তরে যাচাই এবং রাজনৈতিক এজেন্টদের বুথের বাইরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রেও রাজ্য ও কেন্দ্রীয় আধিকারিকদের সমান অংশগ্রহণ এবং কেন্দ্রীয় বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।