ইরানের পারমাণবিক ঘাঁটিতে মার্কিন ও ইজরায়েলি বিশেষ বাহিনীর যৌথ অভিযানের ছক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ স্থল অভিযানের নীল নকশা তৈরি করছেন বলে জানা গেছে। গোয়েন্দা সূত্র অনুযায়ী, ওসামা বিন লাদেনকে খতম করা এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কব্জা করা কুখ্যাত ‘নেভি সিল’ ও ‘ডেল্টা ফোর্স’কে এবার ইরানে পাঠানোর পরিকল্পনা চলছে। এই অভিযানে আমেরিকার সঙ্গে পূর্ণ শক্তিতে যোগ দিচ্ছে ইজরায়েলও।
মূলত ইরানের গোপন পারমাণবিক কেন্দ্র এবং শীর্ষ নেতৃত্বের বাঙ্কারগুলো ধ্বংস করাই এই অভিযানের প্রাথমিক লক্ষ্য। মার্কিন সেনাবাহিনীর তুখোড় ‘ডেল্টা ফোর্স’ এবং ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর অত্যন্ত বিপজ্জনক ইউনিট ‘সায়েরেত মাতকাল’ যৌথভাবে এই মিশনে অংশ নিতে পারে। অত্যন্ত গোপনীয় এই ইউনিট দুটি শত্রু সীমানার ভেতরে ঢুকে নিখুঁত আক্রমণ ও উচ্চপদস্থ লক্ষ্যবস্তু নির্মূল করতে পারদর্শী।
আধুনিক ড্রোন, নাইট ভিশন গগলস এবং বিধ্বংসী স্নাইপার রাইফেলে সজ্জিত এই বাহিনীগুলো ইরানের নাতাঞ্জের মতো দুর্ভেদ্য পাহাড়ি বাঙ্কারে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে। দুই দেশের এই সম্ভাব্য সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। খামেনেই পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য এখন কে, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।