নিরাপত্তার স্বার্থে আবুধাবির বিএপিএস হিন্দু মন্দির সাময়িকভাবে বন্ধ ঘোষণা

নিরাপত্তার স্বার্থে আবুধাবির বিএপিএস হিন্দু মন্দির সাময়িকভাবে বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে এবং ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বিএপিএস (BAPS) হিন্দু মন্দিরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ দর্শনার্থী ও ভক্তদের জন্য মন্দিরের প্রবেশপথ বন্ধ থাকবে। তবে ভক্তদের প্রবেশাধিকার স্থগিত থাকলেও মন্দিরের অভ্যন্তরীণ নিত্যপুজো ও ধর্মীয় আচার যথারীতি অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের প্রাণহানির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এর প্রতিশোধ নিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে। যুদ্ধের দশম দিনে পৌঁছে এই সংঘাতের মাত্রা তীব্রতর হওয়ায় এবং জননিরাপত্তার কথা মাথায় রেখেই আবুধাবির এই বিখ্যাত মন্দিরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবুধাবির ২৭ একর জমির ওপর নির্মিত এই মন্দিরটি স্থাপত্যশৈলীর কারণে পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে ইরান ও লেবাননসহ পার্শ্ববর্তী দেশগুলোতে সংঘাতের ফলে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *