পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা এবং কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিশাল সামরিক মহড়া

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার পূর্ব এশিয়ায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে। সোমবার থেকে কোরীয় উপদ্বীপে শুরু হয়েছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে। দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনাসহ বিপুল সংখ্যক মার্কিন সেনা, অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরী এই অনুশীলনে অংশ নিচ্ছে। মূলত সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের সামরিক সমন্বয় যাচাই করাই এই বার্ষিক মহড়ার প্রধান লক্ষ্য।
এই বিশাল সামরিক তৎপরতাকে নিজেদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, প্রতিরক্ষার নামে আসলে তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ও সিউল। বিশ্ব রাজনীতি যখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অস্থির, ঠিক সেই মুহূর্তে কোরীয় উপদ্বীপে এই মহড়া আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা বড় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।