নাসার আর্টেমিস ২ মিশনে সরাসরি মহাকাশ ভ্রমণের সুযোগ দিচ্ছে নতুন ওয়েবসাইট

আসন্ন এপ্রিল মাসে চাঁদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে নাসার আর্টেমিস ২ মিশন। চার মহাকাশচারীকে নিয়ে ওরিয়ন স্পেসশিপের এই রোমাঞ্চকর অভিযানের প্রতিটি মুহূর্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাসা চালু করেছে ‘আর্টেমিস রিয়েল-টাইম অরবিট ওয়েবসাইট’ বা অ্যারো। ইউনিটি গেম ইঞ্জিনের সহায়তায় তৈরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে মহাকাশযানের বর্তমান অবস্থান, গতিবেগ এবং পরিবেশ সংক্রান্ত সমস্ত তথ্য সরাসরি ঘরে বসেই পর্যবেক্ষণ করা যাবে। এমনকি মোবাইল ব্যবহারকারীদের জন্য থাকছে উন্নত অগমেন্টেড রিয়েলিটি ট্র্যাকার।
কমান্ডার রেইড উইশম্যানের নেতৃত্বে এই ১০ দিনের মিশনে ভিক্টর গ্লোভার, জেরেমি হানসেন এবং ক্রিশ্চানা কোচি চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন। যদিও এই অভিযানে তাঁরা চাঁদের মাটিতে অবতরণ করবেন না, তবে পরবর্তী লুনার মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন। রকেট উৎক্ষেপণের মাত্র এক মিনিট পর থেকেই ওরিয়ন স্পেসশিপের সেন্সর থেকে রিয়েল-টাইম ডেটা সরাসরি জনসন স্পেস সেন্টারের মাধ্যমে ওয়েবসাইটে আপডেট হতে থাকবে। মহাকাশ বিজ্ঞানের এই ঐতিহাসিক মুহূর্তকে সাধারণের নাগালে আনতেই নাসার এই বিশেষ উদ্যোগ।