দক্ষিণ লেবাননে ইজরায়েলের বিরুদ্ধে হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ

দক্ষিণ লেবাননে ইজরায়েলের বিরুদ্ধে হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ

দক্ষিণ লেবাননের ইয়োহমোর গ্রামে আবাসিক এলাকায় ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির দাবি, নির্দিষ্ট তথ্য ও ছবি যাচাই করে জনবসতিপূর্ণ এলাকায় এই রাসায়নিক হামলার প্রমাণ পাওয়া গেছে। যদিও হামলার সময় সেখানে সাধারণ মানুষের উপস্থিতি বা হতাহতের বিষয়টি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

হোয়াইট ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা বাতাসের সংস্পর্শে এলে ৮০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তৈরি করে এবং মানুষের হাড় পর্যন্ত পুড়িয়ে দিতে সক্ষম। এর বিষাক্ত ধোঁয়া ফুসফুস ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে দেয়। ইজরায়েলি সেনাবাহিনী সাধারণত একে ‘স্মোক স্ক্রিন’ হিসেবে ব্যবহারের দাবি করলেও, আন্তর্জাতিক মহলে আবাসিক এলাকায় এর প্রয়োগ নিয়ে তীব্র বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে ইজরায়েলি হামলায় অন্তত ৪০০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছেন। ১,১৩০ জনেরও বেশি মানুষ আহত হওয়ায় দক্ষিণ লেবানন ও বৈরুত সংলগ্ন এলাকায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসরেদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *