ভোটের মুখে মলয় ঘটককে নিয়ে কি বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা ছড়িয়ে মন্ত্রী মলয় ঘটককে আইন দপ্তরের কাজকর্ম থেকে আপাতত দূরে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, বার কাউন্সিলের নির্বাচন এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বদলি সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর কিছু পদক্ষেপে নেত্রী অসন্তুষ্ট হয়েছেন। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
কয়লা পাচার মামলায় নাম জড়ানো এবং আসানসোলে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগ আগে থেকেই ছিল এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে। সম্প্রতি ধর্মতলার ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী সরাসরি তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। আপাতত আইন দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন বলে ইঙ্গিত মিলেছে। ভোটের আগে মন্ত্রীর ক্ষমতা খর্ব করার এই ঘটনা তৃণমূলের অন্দরে অস্বস্তি ও কৌতুহল দুই-ই বাড়িয়ে তুলেছে।