আয়ের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে বিজেপি, ভাণ্ডার উপচে পড়ছে গেরুয়া শিবিরের

আয়ের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে বিজেপি, ভাণ্ডার উপচে পড়ছে গেরুয়া শিবিরের

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে ছয়টি জাতীয় দলের মোট আয়ের প্রায় ৮৫ শতাংশই গিয়েছে বিজেপির তহবিলে। এককভাবে বিজেপি আয় করেছে ৬,৭৬৯.১৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের ভাঁড়ারে অবশ্য টান পড়েছে। গত অর্থবর্ষে দলটির আয় ২৫ শতাংশ কমে ৯১৮.২৮ কোটি টাকায় নেমেছে। এছাড়া আম আদমি পার্টির আয় বেড়েছে রেকর্ড ৭৩ শতাংশ এবং সিপিএমের আয় সামান্য বৃদ্ধি পেয়েছে।

আয় ও ব্যয়ের হিসেবে দেখা যাচ্ছে বিজেপি তাদের উপার্জিত অর্থের ৫৫ শতাংশ খরচ করলেও কংগ্রেসের ব্যয় আয়ের তুলনায় বেশি হয়েছে। কংগ্রেস তাদের আয়ের থেকে ১৯৩ কোটি টাকা বেশি খরচ করেছে। একইভাবে বিএসপি আয়ের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করেছে বলে রিপোর্ট থেকে জানা যাচ্ছে। বেশিরভাগ দলের আয়ের প্রধান উৎস অনুদান হলেও বিএসপির আয়ের বড় অংশ এসেছে অনুদান বহির্ভূত উৎস থেকে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিয়ে এই নতুন খতিয়ান এখন আলোচনার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *