বিশ্বকাপ জয়ী বীরের রাজকীয় প্রত্যাবর্তন আবেগে ভাসলেন সঞ্জু স্যামসন

দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়ে নিজ শহর তিরুবনন্তপুরমে পা রাখতেই রাজকীয় সংবর্ধনায় সিক্ত হলেন সঞ্জু স্যামসন। সোমবার আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তের ভিড়ে প্রিয় তারকাকে বরণ করে নেন কেরালার মন্ত্রী ভি শিবনকুট্টি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়া সঞ্জু ভক্তদের ভালোবাসা ও অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দেশের জন্য বিশ্বকাপ জেতা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল, যা আজ সত্যি হলো।
একসময়ের সমালোচিত সঞ্জু স্যামসন এবারের বিশ্বকাপে ব্যাটে ঝড় তুলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিনি। দলে সুযোগ পাওয়া ও বিশ্বজয়ের এই রূপকথা নিয়ে সঞ্জু জানান, জীবনের ব্যর্থতা ও কঠিন সময়গুলোই তাকে আজকের এই সাফল্যের পথে শক্তিশালী করেছে। সঞ্জুর এই প্রত্যাবর্তন এবং অদম্য মানসিকতা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।