এক কোটি ‘ভুয়ো ভোটার’ বাদ গেলেই তৃণমূলের পরাজয় নিশ্চিত, বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের জামালপুরে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’র এক জনসভা থেকে তিনি দাবি করেন, রাজ্যে প্রায় এক কোটি ‘ভুয়ো ভোটার’ রয়েছে যাদের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, এই ভোটারদের বাদ দিলেই শাসকদলের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছে এবং তারাই তৃণমূলের প্রধান ভোটব্যাঙ্ক। মুখ্যমন্ত্রীর ধর্মতলার ধরনাকে কটাক্ষ করে তিনি বলেন, পরাজয়ের ভয়েই এই ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে। তাঁর মতে, রাজ্যে সঠিক নির্বাচন হলে বর্তমান শাসনের অবসান ঘটবে এবং সাধারণ মানুষ প্রকৃত উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ পাবে।
জনসভা থেকে বিজেপি নেতা রাজ্যের কর্মসংস্থান ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব হন। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে যুবসমাজের পরিযায়ী হওয়া বন্ধ হবে এবং বালি ও কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য নির্মূল করা হবে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেও তিনি তীব্র আক্রমণ শানান।