পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে মোদীর হস্তক্ষেপ চান আমিরাতের প্রাক্তন রাষ্ট্রদূত

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছেন সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের বর্তমান গুরুত্ব অপরিসীম। মোদীর একটি মাত্র ফোন কলই ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধ থামাতে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।
মির্জা উল্লেখ করেন, ইজরায়েল ও ইরান—উভয় দেশের সঙ্গেই ভারতের সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইরান থেকে তেল আমদানি এবং সম্প্রতি প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর ভারতের প্রভাবকে আরও জোরালো করেছে। এছাড়া আমিরশাহিতে বসবাসরত প্রায় ৩৫ লক্ষ ভারতীয়র নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ভারতকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, গালফ দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন এই প্রাক্তন কূটনীতিক। তিনি স্পষ্ট জানান, কুয়েত ও কাতারের মতো আমিরশাহিও তাদের ভূখণ্ড থেকে কোনো সামরিক অভিযানের অনুমতি দেয়নি। উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলজুড়ে শান্তি ফেরাতে দিল্লির মধ্যস্থতা এখন অত্যন্ত জরুরি বলে মনে করছে আরব দুনিয়া।