রাজ্য সফর শেষে আজই দিল্লি ফিরছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের আজ শেষ দিন। সফরের শেষ লগ্নে আজ সকাল ১০টায় সিইও এবং সিএপিএফ-এর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপর রাজ্যের মুখ্যসচিব ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় বিএলও-দের সঙ্গে বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন সেরে বিকেলেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
রবিবার রাতে কলকাতায় পৌঁছানোর পর থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বিমানবন্দর চত্বরে কালো পতাকা প্রদর্শন থেকে শুরু করে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ও তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং এসআইআর (SIR) ইস্যু নিয়েই শাসকদলের কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ জানান। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময়ও এই বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে প্রতিনিধিদের তীব্র বাদানুবাদ হয়।
প্রশাসনিক তৎপরতার পাশাপাশি কমিশনের কড়া মনোভাবও এই সফরে স্পষ্ট হয়েছে। সোমবার জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে বৈঠকে তিন কেন্দ্রীয় সংস্থার কাজে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন জ্ঞানেশ কুমার। ভোটার তালিকা সংশোধন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে বিরোধীদের এক বা দুই দফায় ভোট করানোর দাবিও খতিয়ে দেখছে কমিশন। আজ বিকেলের সাংবাদিক সম্মেলনে কমিশনের এই হাই-প্রোফাইল সফরের নির্যাস এবং আগামী নির্বাচনের রূপরেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।