পরিবর্তন যাত্রার শেষ দিনে আজ ৯ রুটে বিজেপির মেগা শো; ১৪ মার্চ ব্রিগেডে মোদী

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আজ ১০ মার্চ সমাপ্ত হতে চলেছে। রাজ্যের ৯টি পৃথক রুটে আজ শেষ দিনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের হেভিওয়েট নেতারা। শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ থেকে শুরু করে মেদিনীপুর ও বর্ধমানের বিভিন্ন জনসভায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যদের মতো নেতৃত্ব উপস্থিত থেকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করবেন।
বিজেপি সূত্রের খবর, গত দশ দিনে প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে এই যাত্রা। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জনসভার মাধ্যমে এই পরিক্রমা শেষ করে সবকটি রথ কলকাতায় এসে পৌঁছাবে। প্রতিটি রুটেই স্থানীয় সাংসদ ও বিধায়কদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে বড়সড় শক্তিপ্রদর্শনের প্রস্তুতি নিয়েছে গেরুয়া শিবির।
এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই মেগা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ বছর পর পুনরায় ব্রিগেডের চেনা মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের সুর বেঁধে দেবেন বলে আশা করছে রাজনৈতিক মহল। মূলত নীলবাড়ির লড়াইয়ে জনমত গঠন করতেই এই ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।