পপ তারকা রিহানাকে খুনের চেষ্টা, লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ফ্লোরিডার এক মহিলা

পপ তারকা রিহানার লস অ্যাঞ্জেলসের বাসভবনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুরে ইভানা লিসেট অরটিজ নামে ৩৫ বছর বয়সি এক মহিলা এআর-১৫ রাইফেল নিয়ে গায়িকার বেভারলি হিলসের বাড়িতে অতর্কিতে কয়েক রাউন্ড গুলি চালান। হামলার তীব্রতায় বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও রিহানা ও তাঁর সন্তানেরা সুরক্ষিত আছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনার পর পুলিশি অভিযানে গায়িকার বাড়ি থেকে আট মাইল দূরে একটি সাদা টেসলা গাড়ি-সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, ধৃত মহিলা ফ্লোরিডার বাসিন্দা। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে প্রায় ৮৫ কোটি টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলস পুলিশ।
এই ঘটনার পর রিহানা নিজের ও পরিবারের নিরাপত্তা জোরদার করেছেন এবং তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতেও কাটছাঁট করেছেন। বাড়িতে কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা ঘটল, তা নিয়ে হলিউড মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে গোটা এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।