দিঘায় সমুদ্রবিলাসে নয়া চমক ‘এমভি নিবেদিতা’, শীঘ্রই শুরু হচ্ছে ক্রুজ পরিষেবা

পর্যটকদের জন্য দিঘায় শুরু হতে চলেছে অত্যাধুনিক প্রমোদতরী ‘এমভি নিবেদিতা’। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) উদ্যোগে পিপিপি মডেলে এই জলযানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। বর্তমানে পূর্ব মুকুন্দপুরের নায়েকালী মন্দির সংলগ্ন চম্পা খালের জেটিতে নোঙর করা রয়েছে ক্রুজটি। পরিবহণ দপ্তরের ফিটনেস সার্টিফিকেট ও প্রশাসনিক অনুমোদন পেলেই পর্যটকদের নিয়ে এটি সমুদ্রে ভাসবে বলে জানা গিয়েছে।
বিলাসবহুল এই প্রমোদতরীতে থাকছে আধুনিক রেস্তোরাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার বিশেষ ব্যবস্থা। দুই ডেক বিশিষ্ট এই জলযানে একসাথে ৮০ জন যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন। প্রাথমিক পরিকল্পনায় প্রতিদিন দুটি করে সফর নির্দিষ্ট করা হয়েছে, যার স্থায়িত্ব হবে এক ঘণ্টা। যাত্রীদের সুবিধার্থে জেটি পর্যন্ত যাওয়ার জন্য সুদৃশ্য কাঠের ব্রিজ ও পথবাতির ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে দিঘার উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্রও দেখতে পাবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রমোদতরীতে ভ্রমণের জন্য অনলাইন এবং স্পট বুকিং—উভয় সুবিধাই থাকবে। তবে মাথাপিছু ভাড়ার পরিমাণ এখনও চূড়ান্ত করা হয়নি। ডিএসডিএ-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পণ্ডিত জানান, প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে এবং দ্রুতই এই পরিষেবা চালু করা সম্ভব হবে। দিঘার পর্যটন শিল্পে এই ক্রুজটি এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।