তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের ঘূর্ণাবর্ত ও ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। মঙ্গলবার বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং রবিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলোতে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। দার্জিলিং ও কোচবিহার-সহ উপরের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *