২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়ে ইরানকে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়ে ইরানকে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করলে ইরানের ওপর ‘২০ গুণ বেশি শক্তিশালী’ সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইরান যদি তেলের সরবরাহ বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ভয়াবহ আঘাত হানা হবে যা আগে কখনও দেখা যায়নি। তিনি সতর্ক করে বলেন যে, ইরানের এমন সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে যা রক্ষা করা তাদের পক্ষে আসাম্ভব হয়ে পড়বে। এর ফলে একটি রাষ্ট্র হিসেবে ইরানের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। যদিও ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি যেন এমন ধ্বংসাত্মক পর্যায়ে না পৌঁছায়।

আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে নিজের এই অবস্থানকে চীনসহ বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বড় ‘উপহার’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। বিশ্বজুড়ে এই পদক্ষেপ ইতিবাচক সাড়া পাবে বলে তিনি আশাবাদী।

এদিকে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প কয়েকটি দেশের ওপর থেকে তেল আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কোন কোন দেশের ওপর থেকে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে, তা তিনি স্পষ্ট করেননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত দ্রুত শেষ হতে পারে। বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান তেলের দামের চাপ কমাতেই এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *