ভোটের মুখে মমতার রোষে মলয় ঘটক কেড়ে নেওয়া হলো আইন দপ্তরের দায়িত্ব

ভোটের মুখে মমতার রোষে মলয় ঘটক কেড়ে নেওয়া হলো আইন দপ্তরের দায়িত্ব

রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদলের ইঙ্গিত। লোকসভা নির্বাচনের মুখে এবার তৃণমূলের বর্ষীয়ান নেতা মলয় ঘটককে নিয়ে তৈরি হলো প্রবল অস্বস্তি। প্রশাসনিক সূত্রের খবর, আইন দপ্তরের কাজ থেকে আপাতত দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মলয় ঘটককে। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে নবান্ন ও তৃণমূলের অন্দরে এই নিয়ে চর্চা তুঙ্গে।

জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন জুডিশিয়াল অফিসারের বদলি এবং বার কাউন্সিলের নির্বাচন ঘিরে মলয় ঘটকের পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টির মীমাংসার জন্য গত শুক্রবার ধর্মতলায় তৃণমূল নেত্রীর ধরনা মঞ্চে মলয় ঘটককে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে আপাতত আইন দপ্তরের দায়িত্ব তিনি নিজেই সামলাবেন। ওই দিনের পর থেকে দলের আর কোনো কর্মসূচিতে মলয় ঘটককে দেখা যায়নি।

মলয় ঘটকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ যেমন রয়েছে, তেমনই আসানসোলের সংগঠন নিয়েও তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ জমা পড়েছে দলের শীর্ষ নেতৃত্বে। এর আগেও শ্রম দপ্তরের মন্ত্রী থাকাকালীন তাঁর বেশ কিছু সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি মমতা সরকারের দ্বিতীয় ইনিংসে বেশ কিছুকাল দপ্তরহীন মন্ত্রী হিসেবেও থাকতে হয়েছিল তাঁকে। কয়লা পাচার কাণ্ডেও নাম জড়িয়েছিল এই নেতার। সব মিলিয়ে ভোটের ঠিক আগে মলয় ঘটককে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *