ভোটার তালিকায় নাম বাদ? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, নিয়োগ হবে বিশেষ ট্রাইব্যুনাল

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর সংক্রান্ত বিতর্কে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব আবেদন বাতিল হয়েছে, সেগুলির শুনানির জন্য একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
আদালতে শুনানির সময় আইনজীবী গোপাল এস জানান, এই বিপুল সংখ্যক আপিল যদি সরাসরি হাইকোর্টে যায়, তবে বিচারব্যবস্থার ওপর প্রবল চাপ সৃষ্টি হবে। এই সমস্যার সমাধানে সুপ্রিম কোর্ট নতুন ব্যবস্থার প্রস্তাব দেয়। নির্দেশ অনুযায়ী, একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে এই ট্রাইব্যুনাল গঠিত হবে, যেখানে প্রয়োজনমতো আরও প্রাক্তন বিচারপতিরা থাকতে পারবেন। এই ট্রাইব্যুনাল গঠনের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কাজের জন্য আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
শুনানি চলাকালীন জুডিশিয়াল অফিসারদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধান বিচারপতি। কাজের চাপে অনেকের ছুটি বাতিল হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে আর কতটা ত্যাগ আশা করা যায়। পাশাপাশি তাঁদের জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে, তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান যে, প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে ইতিমধেই ১০ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, যেহেতু ১০ লক্ষের বেশি আপত্তির নিষ্পত্তি হয়েছে, তাই এখন সাপ্লিমেন্টারি বা সম্পূরক ভোটার তালিকা প্রকাশের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।