ভোটারদের দুয়ারে এবার পদ্ম শিবির, সাধারণের ঘরে জল খেয়ে জনসংযোগের নয়া কৌশল বঙ্গ বিজেপির

রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর ঠিক এই মুহূর্তেই জনসংযোগে ভিন্ন কৌশল নিল গেরুয়া শিবির। নিছকই রাজপথে মিছিল বা স্লোগান নয়, এবার ভোটারদের অন্দরমহলে ঢুকে সরাসরি সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে দিল্লির নেতৃত্ব। গ্রামের অলিগলিতে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে জল খেতে চাওয়া এবং গল্পের ছলে দলের লক্ষ্যবস্তু বুঝিয়ে দেওয়াই এখন বিজেপি নেতাদের মূল ‘হোমটাস্ক’। অনেকটা বাম আমলের জনসংযোগ কৌশলের আদলেই এই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে।
দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এই প্রক্রিয়ায় ইতিমধ্যে গোপনে প্রায় দেড় লক্ষ বৈঠক সম্পন্ন হয়েছে। নয়টি ভিন্ন রুট দিয়ে চলা ‘পরিবর্তন যাত্রা’র রথ প্রায় ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ২৫০টি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে। এই যাত্রায় ৩০০টিরও বেশি ছোট সভা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, দলের জনপ্রতিনিধি ও নেতাদের প্রতিদিন অন্তত পাঁচটি করে বুথ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্থানীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করা এবং স্থানীয় মন্দিরে পুজো দেওয়ার বিষয়টিও কর্মসূচির অন্তর্ভুক্ত।
নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্পপত্র’ তৈরিতেও এবার আমজনতার মতামতকে প্রাধান্য দিচ্ছে বঙ্গ বিজেপি। প্রতিটি এলাকায় বাক্স ও ফর্মের মাধ্যমে মানুষের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাগুলো সংগ্রহ করা হচ্ছে। এবারের ইস্তেহারে কেবল রাজ্যভিত্তিক নয়, বরং এলাকাভিত্তিক স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও থাকবে। তবে ভোটের মাত্র দেড় মাস বাকি থাকতে বুথ স্তরের এই তৎপরতা কতটা কার্যকর হবে, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। তিন বছর ধরে সংগঠন মজবুত না করে শেষ মুহূর্তের এই দৌড়ঝাঁপ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।