জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত, পাইপলাইনে এল ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অধীনে পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ টন ডিজেলের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মহম্মদ রেজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বার্ষিক ১,৮০,০০০ টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই চালানটি এসেছে। আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের প্রয়োজনীয় মোট ৯০,০০০ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা ও আতঙ্ক দুই-ই বেড়েছে। স্বাভাবিক সময়ে দৈনিক ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন চাহিদা থাকলেও, বর্তমান সংকটে তা ২০ হাজার টনে ঠেকেছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার তেলের ব্যবহারে সীমা নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে বিপিসির কাছে ১ লাখ টনের বেশি মজুত থাকলেও, ভারতের এই নিয়মিত সরবরাহ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অধীনে বাস্তবায়িত এই পাইপলাইন প্রকল্প বাংলাদেশের জন্য অত্যন্ত সাশ্রয়ী ও সময়োপযোগী। এর ফলে বিশেষত উত্তরবঙ্গ এলাকায় পরিবহন খরচ কমবে এবং ডিজেলের সহজলভ্যতা বাড়বে। বিশ্বব্যাপী তেলের বাজার যখন অস্থিতিশীল, তখন ভারতের এই সক্রিয় সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।