রান্নার গ্যাসের সংকট রুখতে মোদী সরকারের বড় পদক্ষেপ, দেশে জারি হলো ইসিএ আইন

রান্নার গ্যাসের সংকট রুখতে মোদী সরকারের বড় পদক্ষেপ, দেশে জারি হলো ইসিএ আইন

ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতে এলপিজি সরবরাহে বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি ‘অপরিহার্য পণ্য আইন’ বা ইসিএ (ECA) জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের রান্নাঘরে গ্যাসের জোগান নিরবচ্ছিন্ন রাখা এবং কৃত্রিম সংকট বা কালোবাজারি রুখে দেওয়া।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, দেশের সমস্ত রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল ইউনিটকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বুটেন ও প্রোপিলেনের মতো হাইড্রোকার্বন স্ট্রিমগুলিকে অন্য কাজে ব্যবহার না করে সরাসরি এলপিজি পুলে যুক্ত করতে বলা হয়েছে। এর ফলে পেট্রোকেমিক্যাল পণ্যের চেয়ে রান্নার গ্যাস উৎপাদনই এখন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর কাছে অগ্রাধিকার পাবে।

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে ঘরোয়া গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৫৫ সালের এই জরুরি আইন প্রয়োগের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চাইছে যে, যুদ্ধের আবহেও যেন সাধারণ গ্রাহকদের বিপাকে পড়তে না হয়। মূলত মজুদদারি নিয়ন্ত্রণ এবং মজুত জ্বালানি সঠিক বন্টনের মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *