জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তে প্রশ্ন নয়, কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনী (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েনের মধ্যে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানান, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম যাচাইয়ের দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারদের ভূমিকা বা সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। আদালত সাফ জানিয়েছে, এই অফিসাররা অতিরিক্ত সময় দিয়ে কাজ করছেন এবং তাঁদের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মামলার দুই পক্ষের সদিচ্ছা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি স্বাধীন আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত এই ট্রাইব্যুনালই জুডিশিয়াল অফিসারদের খারিজ করা আবেদনগুলি পুনর্বিবেচনা করবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত কোনো প্রশাসনিক বা নির্বাহী সংস্থার কাছে চ্যালেঞ্জ করা যাবে না। এই ট্রাইব্যুনালের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে বলে শুনানিতে জানানো হয়। যাঁদের আপত্তি মিটেছে, তাঁদের নাম নিয়ে অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়ে রাজ্য ও কমিশনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক বিতর্কে সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।