ইরানের তেল ভাণ্ডার দখলের ইঙ্গিত ট্রাম্পের, বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য

ভেনেজুয়েলার আদলে ইরানের বিশাল তেল ভাণ্ডার কি এবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। হোয়াইট হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সরাসরি কোনো ঘোষণা না দিলেও, ভেনেজুয়েলার পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে এই বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা তাড়াহুড়ো হবে বলে তিনি মন্তব্য করেছেন।
তেহরানের অভিযোগ, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মূল উদ্দেশ্য হলো বিশ্ব তেল বাজারের নিয়ন্ত্রণ নেওয়া। ইরানের দাবি, ভেনেজুয়েলার পর তাদের তেলের দখল নিতে পারলে বিশ্বের প্রায় ৩১ শতাংশ জ্বালানি তেলের চাবিকাঠি ওয়াশিংটনের হাতে চলে যাবে। উল্লেখ্য, ইসরায়েল ইরানের তেল ডিপোতে হামলা চালানোয় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। ইজরায়েলি সেনার দাবি, এই হামলার পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত কড়া ও নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এদিকে, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। মার্কিন জ্বালানি দপ্তর জানিয়েছে, বাজার স্থিতিশীল করতে একটি বিশেষ ‘ব্লু প্রিন্ট’ তৈরি করা হয়েছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতীতে ইরাক ও মধ্যপ্রাচ্যের তেলের ওপর মার্কিন আধিপত্যের ইতিহাস থাকায়, ট্রাম্পের এই নতুন পরিকল্পনা এখন আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।