হলদিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় অনুপস্থিত ওড়িশার মুখ্যমন্ত্রী, দেখা মিলল না ভিড়েরও

মঙ্গলবার হলদিয়ার চৈতন্যপুর বাজারে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে চরম অব্যবস্থা লক্ষ্য করা গেল। সভার প্রধান অতিথি হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। এমনকি স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কর্মসূচিতে দেখা যায়নি, যা নিয়ে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।
বিজেপির এই রথযাত্রা ও পরবর্তী সভায় জনসমাগম ছিল অত্যন্ত নগণ্য। মাঠজুড়ে সারিবদ্ধ খালি চেয়ার গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলেছে। অগ্নিমিত্রা পালসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকলেও ভিড় টানতে ব্যর্থ হন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির এই নড়বড়ে সাংগঠনিক চিত্র এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, বাংলা যে বিরোধীদের জন্য ‘দুর্জয় ঘাঁটি’ তা বুঝতে পেরেই ওড়িশার মুখ্যমন্ত্রী এই সভায় যোগ দেননি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ নেই বলেই এই জনশূন্য দশা বলে মন্তব্য করেছে তৃণমূল। অন্যদিকে, সাংসদের অনুপস্থিতি নিয়েও সরব হয়েছে স্থানীয় ঘাসফুল শিবির।