বঙ্গের ভোট প্রস্তুতি: আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট

২০২৬-এর বিধানসভা নির্বাচন কত দফায় হবে এবং কবে দিনক্ষণ ঘোষণা করা হবে, তা নিয়ে জল্পনার অবসান ঘটালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে দুদিনের ম্যারাথন বৈঠক শেষে তিনি জানান, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। তবে বাংলায় কত দফায় ভোট গ্রহণ করা হবে, তা সম্পূর্ণভাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার কঠোর অবস্থান গ্রহণ করছে। মুখ্য নির্বাচন কমিশনার কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্বাচনের কাজে নিযুক্ত কোনো সরকারি আধিকারিক যদি ‘দলদাসের’ মতো আচরণ করেন বা নিরপেক্ষতা হারান, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটার বা ভোটকর্মীদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ করা হবে।
নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে এবং ভোটারদের বুথের বাইরে মোবাইল ফোন রেখে প্রবেশ করতে হবে। ইভিএমে এবার প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ২৩টি জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কমিশন জানিয়েছে, দিল্লির সদর দপ্তরে ফিরে বাংলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই ভোটের দফা এবং সূচি চূড়ান্ত করা হবে।