জ্বালানি সংকট রুখতে ‘এসমা’ জারি কেন্দ্রের, রান্নার গ্যাস ও শিল্পক্ষেত্রে নতুন নিয়ম

জ্বালানি সংকট রুখতে ‘এসমা’ জারি কেন্দ্রের, রান্নার গ্যাস ও শিল্পক্ষেত্রে নতুন নিয়ম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কায় ‘অপরিহার্য পণ্য পরিষেবা রক্ষা আইন’ বা এসমা (ESMA) জারি করেছে কেন্দ্রীয় সরকার। এলপিজি গ্যাসের কালোবাজারি ও কৃত্রিম অভাব রুখতে রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, গৃহস্থালির এলপিজি ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পিএনজি (PNG) পরিষেবা স্বাভাবিক থাকবে।

পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে সিএনজি (CNG) সরবরাহ ১০০ শতাংশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিল্পক্ষেত্রে গ্যাসের ব্যবহারে কাটছাঁট করা হচ্ছে। চা শিল্প ও উৎপাদন ক্ষেত্রে গত ছয় মাসের গড় ব্যবহারের ৮০ শতাংশ এবং সার কারখানায় ৭০ শতাংশ গ্যাস বরাদ্দ করা হবে। তেল শোধনাগারগুলোর জন্য এই বরাদ্দের পরিমাণ কমিয়ে ৬৫ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্র।

হোটেল ও রেস্তরাঁ খাতে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার একটি পৃথক কমিটি গঠন করেছে। বাণিজ্যিক ক্ষেত্রে বরাদ্দে কড়াকড়ি থাকলেও সাধারণ মানুষের রান্নাঘরে যাতে জ্বালানির টান না পড়ে, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংকটের এই সময়ে পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মজুতকরণের ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *