মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিয়ে তৎপর কেন্দ্র, সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রককে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক এই সংঘাতের প্রভাব যেন দেশের সাধারণ নাগরিকদের জনজীবনে ন্যূনতম পড়ে এবং সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার যেন সদা প্রস্তুত থাকে।
দেশের এলপিজি চাহিদার প্রায় ৬২ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, যার বড় অংশই আসে পশ্চিম এশিয়া থেকে। হরমুজ প্রণালী দিয়ে আসা এই সরবরাহ ব্যবস্থা সামরিক উত্তেজনার কারণে বিঘ্নিত হওয়ায় দেশে রান্নার গ্যাসের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় পেট্রোলিয়াম মন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বিকল্প উৎস থেকে আমদানি এবং মজুত জ্বালানির সঠিক বণ্টনের ওপর জোর দেওয়া হচ্ছে।
সংকট মোকাবিলায় পেট্রোলিয়াম মন্ত্রক দেশীয় রিফাইনারিগুলোতে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছে। গৃহস্থালির রান্নার গ্যাস সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মজুতদারি রুখতে রিফিল বুকিংয়ের সময়সীমা ২১ থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস বণ্টনের বিষয়টি তদারকি করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি পরিষেবা বজায় রাখতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।