রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বদ্ধপরিকর কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বদ্ধপরিকর কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার

পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন সম্পন্ন করতে কঠোর বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ভোটারদের ভয় দেখানো বরদাস্ত করা হবে না। রাজ্যে কত দফায় ভোট গ্রহণ হবে, তা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লি ফিরে চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যে ৮০ হাজারেরও বেশি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। প্রতিটি বুথে সর্বোচ্চ ১২০০ জন ভোটার থাকতে পারবেন এবং ভোটারদের সুবিধার্থে পানীয় জল ও সহায়তা কেন্দ্র নিশ্চিত করা হবে। এছাড়া, ইভিএম ও ভিভিপ্যাট তথ্যে গরমিল থাকলে তা কাউন্টিং এজেন্টের সামনেই পুনরায় পরীক্ষা করার সুযোগ থাকবে বলে কমিশন জানিয়েছে।

ভোটার তালিকা সংশোধন ও তথ্যগত অসঙ্গতি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে কমিশনার জানান, বৈধ কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। বর্তমানে আদালত নিযুক্ত আধিকারিকরা কয়েক লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ করছেন। রাজনৈতিক মহলের সমালোচনার প্রেক্ষিতে তিনি জানান, গণতান্ত্রিক দেশে সকলের বাক্‌স্বাধীনতা থাকলেও কমিশন কোনো রাজনৈতিক মন্তব্যের পাল্টা উত্তর দেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *