পরকীয়া বিতর্কে বিদ্ধ কেরলের মন্ত্রী, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

কেরলের পরিবহণ মন্ত্রী কেবি গণেশ কুমারের বিরুদ্ধে পরকীয়া ও শারীরিক নিগ্রহের গুরুতর অভিযোগ তুললেন তাঁর স্ত্রী বিধু মেনন। কোল্লাম জেলার বাড়িতে মন্ত্রীকে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার দাবি করেছেন তিনি। বিধু মেননের অভিযোগ, ঘটনার ছবি ও ভিডিও তোলায় মন্ত্রীর কর্মীরা তাঁকে মারধর করে। ৬০ বছর বয়সী এই মন্ত্রীর বিরুদ্ধে আগেও দাম্পত্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছিল, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল।
পাল্টা বয়ানে মন্ত্রী গণেশ কুমার সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ব্যক্তিগত বিষয় বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, তিনি কোনও মহিলাকে আসাম্মান করেননি এবং ভালোবাসা কোনও অপরাধ নয়। এলাকার মানুষ তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে বিশ্বাসী এবং তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি জানান। তবে বিরোধীদের সমালোচনার মুখে তাঁর রাজনৈতিক অবস্থান এখন টালমাটাল।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এই ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছে। বিরোধী দলনেতা ভিডি সাথিসান মন্ত্রীর ইস্তফা দাবি করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ভোটমুখী রাজ্যে এই কেলেঙ্কারি শাসক শিবিরের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রীকে শীঘ্রই পদত্যাগ করতে হতে পারে।